কমবে বৃষ্টি, তবে অক্টোবরেই আসছে ঘূর্ণিঝড়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৭:১৬ পিএম
কমবে বৃষ্টি, তবে অক্টোবরেই আসছে ঘূর্ণিঝড়

ফাইল ছবি

অক্টোবরের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি ঝরলেও পুরো মাসজুড়েই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বর্ষা বিদায়ের এই সময়ে বঙ্গোপসাগরে এক বা একাধিক ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে। একই সঙ্গে চলতি মাসের প্রথমার্ধের মধ্যেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে। এরপর থেকেই বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং মাসের শেষ দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।

আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নেওয়া এবং শীতের আগমনী বার্তা নিয়ে পশ্চিমা বায়ু প্রবেশের মধ্যবর্তী সময় এটি। মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার এই স্বাভাবিক সন্ধিক্ষণেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা দেখা যায়।

অতীতেও অক্টোবর ও নভেম্বর মাসে বেশ কিছু বড় ঘূর্ণিঝড় আঘাত হানার ইতিহাস রয়েছে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ বা বাংলাদেশের উপকূলে এর আঘাত হানার বিষয়টি এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে অক্টোবরের শুরুতে চলমান এই বৃষ্টির বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, মিয়ানমার ও বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে তৈরি হওয়া একটি নিম্নচাপ নিষ্ক্রিয় হলেও মৌসুমি বায়ুর প্রবাহ পুরোপুরি বন্ধ হয়নি। এর সঙ্গে পশ্চিমা বায়ুর সংঘাত ও বিক্ষিপ্ত জলীয় বাষ্পের কারণে দেশের বিভিন্ন স্থানে মেঘ তৈরি হয়ে এই বৃষ্টিপাত হচ্ছে।

আগামী চার থেকে পাঁচ দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। তবে ১০ অক্টোবরের পর থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

এসএইচ 

Link copied!